অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের মৃত শংকর মজুমদারের ছেলে চান্দু মজুমদার (৫৯) অভিযোগে উল্লেখ করেন, গত ১০ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার স্ত্রী ডলি মজুমদার (৩৮) নামযজ্ঞ থেকে বাড়িতে ফেরার পথে বসতবাড়ির উত্তর পাশে পুরনো পুকুরপাড়ে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন। এতে তিনি রাজি না হলে তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করা হয়। পরে তাকে টানাহেঁচড়া করে পার্শ্ববর্তী বাগানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় ওই নারী ডাক-চিৎকার করলে অভিযুক্তরা তাকে চুপ করানোর জন্য ধারালো অস্ত্র প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে। তিনি চিৎকার অব্যাহত রাখলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা, কালশিরা ও রক্তজমাট বাঁধার মতো আঘাতের সৃষ্টি হয়েছে বলে অভিযোগপত্রে দাবি করা হয়।
পরে তার ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের সহায়তায় আহত ডলি মজুমদারকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগকারী চান্দু মজুমদার জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে অভিযুক্তদের মধ্যে আউনাড়া গ্রামের তপন কুমার দাসের ছেলে উজ্জ্বল কুমার দাস (২৩)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ এম. শামীম আহমেদ জানান তদন্ত শেষে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
Thedailyglobalnation