ঢাকা | বঙ্গাব্দ

জরিমানা দিয়েও বন্ধ হয়নি ভাটা, এবার একটির আগুন নিভিয়ে দুই ভাটা বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
জরিমানা দিয়েও বন্ধ হয়নি ভাটা, এবার একটির আগুন নিভিয়ে দুই ভাটা বন্ধ ছবির ক্যাপশন: ভাটার আগুন নিভানোর সময়
ad728
মাগুরার মহম্মদপুরে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই অভিযানে পূর্বে বন্ধ ঘোষিত ইটভাটা পুনরায় চালু করার অপরাধে একটি ইটভাটার ম্যানেজারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম।

অভিযানকালে জাঙ্গালিয়া এলাকার ‘নাভা ব্রিক ফিল্ড’ ও ‘নদী ব্রিক ফিল্ড’ পরিদর্শন করে ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, অনুমোদন ছাড়া মাটি কাটা, কয়লার পরিবর্তে কাঠ ও গাছের গুঁড়ি ব্যবহার করে ইট পোড়ানো, কৃষিজমি নষ্ট করে ইটভাটা স্থাপন এবং জনবসতির কাছাকাছি ইটভাটা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

প্রশাসন সূত্রে জানা যায়, এ দুটি ইটভাটাকে এর আগেও গত মাসে পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও একই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ায় এবার ভাটা দুটিকে বন্ধ ঘোষণা করা হয়। এ সময় পানি দিয়ে ভাটার চুল্লির আগুনও নিভিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, একই এলাকার ‘সীমান্ত ব্রিক ফিল্ড’ পূর্বে অর্থদণ্ডপ্রাপ্ত ও বন্ধ ঘোষিত হওয়ার পরও অনুমোদন ছাড়াই পুনরায় চালু করা হয়। এ অপরাধে ইটভাটাটির ম্যানেজারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মোট তিনটি মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা এবং একটি মামলায় এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, মাগুরার কর্মকর্তা-কর্মচারী, মহম্মদপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা, কৃষিজমি সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Md Alamin Shaikh

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা